পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। বুধবার ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন যে, ২০২৫ সালে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর শুরুর পর যেসব রাজ্যে নির্বাচন হয়েছে, সেখানে পুরোনো ভোটার তালিকা ব্যবহার করেই নতুন করে নির্বাচন দিতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক সীমা খান্নাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি সরাসরি তাদের ‘বিজেপির এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, সিইসি হিসেবে দায়িত্ব পালনের নৈতিক অধিকার জ্ঞানেশ কুমারের নেই এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মমতা দাবি করেন যে বিজেপি ও নির্বাচন কমিশন মিলে বাংলার বিধানসভা নির্বাচন লুট করেছে এবং এটি এখন প্রমাণিত।
তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার সময় তালিকা থেকে ৯২ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ভোট গণনার দুই দিন আগে তৃণমূলের গণনা এজেন্টদের গ্রেপ্তার করা এবং গণনাকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ফলাফল প্রভাবিত করার অভিযোগও তুলেছেন তিনি। আলিপুরে সংরক্ষিত ইভিএম রাখা ভবনের নির্দিষ্ট তলায় অগ্নিকাণ্ডের ঘটনাকেও তিনি সন্দেহজনক বলে দাবি করেছেন।
মমতা বলেন, বিজেপি ক্ষমতা দখলের জন্য বাংলা, বিহার ও হরিয়ানার নির্বাচন চুরি করেছে। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, পুনরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে কি না তা দেখা যাবে। জ্ঞানেশ কুমার সিইসি পদে বহাল থাকা পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ বিষয়ে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্যের প্রসঙ্গ টেনে মমতা জানান, রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালও সংবাদ সম্মেলন করেছেন এবং বিরোধী নেতাদের নিয়ে শিগগিরই বৈঠক হবে।
তবে মমতার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত এবং কারও আপত্তি থাকলে তা নির্দিষ্ট ফোরামে জানানো উচিত। তিনি নির্বাচন কমিশনকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতার ফেসবুক লাইভ পদ্ধতির সমালোচনা করে বলেন, সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত ছিল তার।





