রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে বলে তিনি জানিয়েছেন। ঘটনার পরপরই সালমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে স্টুডিওর ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে।
ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম ভেঙে চুরমার করা হয়েছে। স্টুডিওর কর্মীদের অনেককেই এ সময় কাঁদতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে সালমান মুক্তাদির জানান, ওই ভবনের মালিকের সঙ্গে চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা হতে পারে। তিনি বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ এ নরমাল সিটিজেন হিসেবে। আমাদের এখানকার যে ল্যান্ড ওনার উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে—চাঁদা চেয়েছে বা সামথিং। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।’
সালমান মুক্তাদির ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বলেন, ‘ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’ তবে ভাঙচুরের শিকার হলেও তিনি কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’
এদিকে, এই হামলার বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।





