কল্কি-২ এ দীপিকার জায়গায় নতুন কেউ আসছে না

Published: September 27, 2026, 2:31 am

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী যুক্ত হচ্ছেন না। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক নাগ অশ্বিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করে জানান, যে গল্প শুরু করা হয়েছিল সেটিই এগিয়ে নেওয়া হচ্ছে এবং বর্তমানে সিনেমার ভেতরেই অনেক চরিত্র রয়েছে, তাই নতুন কাউকে প্রয়োজন নেই।

এর আগে ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রথম পর্বে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গল্পের একটি বড় অংশ তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছিল। তবে দ্বিতীয় কিস্তির শুটিং শুরুর পূর্বে প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ জানিয়েছিল যে, দীপিকা আর এই ছবির সঙ্গে যুক্ত থাকছেন না। এক্সে দেওয়া বিবৃতিতে প্রযোজনা সংস্থাটি জানায়, অনেক বিবেচনার পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রথম সিনেমা তৈরির দীর্ঘ যাত্রার পরেও একটি অংশীদারত্বে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

দীপিকার এই সিনেমা ছাড়ার কারণ নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, দীপিকা তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। অন্যদিকে ইন্ডিয়া টুডের দাবি, দ্বিতীয় কিস্তিতে তাঁর চরিত্রের পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছিল। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন দীপিকা, যেখানে কাজের সময়সূচি নিয়ে মতবিরোধের কথা শোনা গিয়েছিল। তবে ‘কল্কি ২’ ছাড়ার কয়েক মাস পর দীপিকা নিজেই জানিয়েছিলেন, তিনি এখন এমন কোনো কাজ করতে চান না যা তাঁর কাছে সত্যি মনে হয় না এবং বড় বাজেট বা পারিশ্রমিকই তাঁর কাজ বেছে নেওয়ার একমাত্র মানদণ্ড নয়।

সিনেমার শুটিংয়ের বিষয়ে নাগ অশ্বিন জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের কিছু দৃশ্য এরই মধ্যে ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে এই দুই কিংবদন্তি একসঙ্গে শুটিংও করেছেন। প্রভাসের অন্য সিনেমার ব্যস্ততার কারণে মূল শুটিংয়ে কিছুটা দেরি হলেও বর্তমানে সেই জটিলতা কেটে গেছে। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিয়মিত শুটিং শুরু হবে এবং আগামী বছরের মাঝামাঝি নাগাদ পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin