পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্ব এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থনীতিবিদ ও ইসলামিক ফাইন্যান্স ও বিনিয়োগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। বিশ্ব ইসলামিক ইকোনমি উইক ২০২৬-এর অংশ হিসেবে মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের প্রধান ব্লকে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বর্তমানে ড. মাসুম বিল্লাহ সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য একাডেমিক ও কর্পোরেট কর্মজীবনে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষা, প্রয়োগভিত্তিক ও কৌশলগত গবেষণা, কর্পোরেট নেতৃত্ব, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং কর্পোরেট ও সরকারি খাতে কৌশলগত পরামর্শের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তার বিশেষায়িত গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে ফাইন্যান্স, বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর, শিল্পায়ন, জ্বালানি ও বিদ্যুৎ এবং বৈদেশিক বিনিয়োগ সহযোগিতার মডেল কাঠামো। এছাড়া ফাইন্যান্স ও ফিনটেকের সংযোগস্থল এবং উদীয়মান হালাল ক্রিপ্টোকারেন্সি ও ক্রিপ্টো-অ্যাসেটসহ আর্থিক প্রযুক্তির নতুন নতুন বিকাশ তার গবেষণার অন্যতম ক্ষেত্র। তিনি এখন পর্যন্ত ৬৪টিরও বেশি বই রচনা করেছেন এবং ২০০টির বেশি গবেষণাপত্র ও একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন। তার প্রকাশনাগুলোতে সমসাময়িক বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োগভিত্তিক ইসলামিক ফাইন্যান্স ও বিনিয়োগ এবং এর কারিগরি কাঠামো নিয়ে গভীর বিশ্লেষণ স্থান পেয়েছে।
একাডেমিয়ার বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় কর্পোরেট নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এশিয়া-প্যাসিফিক, আরব অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং সরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গবেষণা, কর্পোরেট কার্যক্রম ও কৌশলগত সহযোগিতার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এই আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত একজন অর্থনীতিবিদের বৈশ্বিক ইসলামিক অর্থনীতি ও ফাইন্যান্সের ক্ষেত্রে দীর্ঘদিনের একাডেমিক, গবেষণা, কর্পোরেট ও কৌশলগত অবদানের বিষয়টি নতুন করে আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।





