নতুন পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Published: September 25, 2026, 2:52 am

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে নতুন পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কড়ি ডিজিটাল ব্যাংক এবং নোভা ডিজিটাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া এই পাঁচটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল, যার মধ্য থেকে এই পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০২৩ সালের অক্টোবর মাসে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ওই দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করে দিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh