রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন যে, মুখোশ পরিহিত দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। লুটপাটের পর তারা কেন্দ্রটি গুঁড়িয়ে দেয় এবং সেখানে একটি রহস্যজনক সাইনবোর্ড টাঙিয়ে দেয়। বিরোধীদলীয় নেতা এ সময় প্রশ্ন তোলেন যে, ক্ষমতার গরমের আঁচ এখন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর পড়েছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? ঘটনার পেছনে কারা রয়েছে তা স্পষ্ট বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ যারা নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না।
সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের বিপরীতে এমন ঘটনাকে একটি 'খেলা' আখ্যা দিয়ে জামায়াত আমির প্রশ্ন রাখেন, 'আর কতদিন এ ধরনের খেলা চলবে?' তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুষ্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় একসময় জনগণের হাতেই তাদের বিচার হতে পারে।





