জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের কার্যক্রম সম্পন্ন করে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী জুবাইদা রহমান রয়েছেন।
এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন তিনি।
সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেয়া প্রাতভোজেও তারা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই সফরে তার সঙ্গে রয়েছে। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।





