কঙ্গোয় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ নিহত ১৪

Published: September 26, 2026, 3:20 am

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকও রয়েছেন। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে নামক স্থানে জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি শেষ পর্যন্ত একটি আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে।

কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানটিতে আগুন ধরে যাওয়ায় নিহতদের অধিকাংশের মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুইজন জেনারেলের পাশাপাশি সরকারি প্রতিনিধি দলের সদস্য, কয়েকজন সেনা সদস্য এবং সাধারণ বেসামরিক মানুষ রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh