জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে স্থায়ী সদস্যপদ সৃষ্টির তীব্র বিরোধিতা করেছে পাকিস্তানসহ ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ জোটভুক্ত ১২টি দেশ। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই অবস্থানের কথা জানানো হয়। জোটটি নতুন স্থায়ী আসন তৈরির পরিবর্তে নির্বাচিত সদস্যপদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার সবচেয়ে কার্যকর ও ন্যায়সংগত উপায় হলো নির্বাচিত সদস্যসংখ্যা বৃদ্ধি করা। বিশেষ করে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেয় জোটটি। নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনায় আন্তঃসরকারি প্রক্রিয়াকেই একমাত্র বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তারা নতুন স্থায়ী আসন সৃষ্টির ধারণাকে প্রত্যাখ্যান করেছে।
নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার বিষয়েও দেশগুলো তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে। বিবৃতিতে ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে মত দেওয়ার পাশাপাশি যুদ্ধাপরাধ ও ব্যাপক নৃশংসতার মতো নির্দিষ্ট পরিস্থিতিতে এই ক্ষমতার ব্যবহার সীমিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১২টি দেশ হলো পাকিস্তান, আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক।
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩১





