জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে পরিবহন খরচ বাড়ার অজুহাতে পটোল, বেগুন, ঢ্যাঁড়শ, করলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের অভিযোগ, তেলের দাম বাড়ার দোহাই দিয়ে খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন, যেখানে প্রশাসনের কোনো নজরদারি নেই।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি করে, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দাম বাড়ার কারণে পণ্য পরিবহনে বাড়তি খরচ হচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৯০ থেকে ১০০ টাকা। কিছুদিন আগে ৬০ থেকে ৮০ টাকায় নেমে আসা করলার দাম এখন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া পটোল ও ঢ্যাঁড়শের দাম কেজিতে ১০-২০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙা ও ধুন্দলের দামও একই হারে বেড়েছে। তবে কাঁচা পেঁপে আগের মতোই ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ও টমেটোর দাম বাড়ার খবর পাওয়া গেলেও কোনো কোনো বাজারে মরিচ আগের দামেই বিক্রি হতে দেখা গেছে।
মিরপুর-১ নম্বরের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম জানান, পরিবহন ব্যয় বাড়ায় পাইকারি বাজারেই সবজির দাম চড়া। মিজান নামের আরেক ব্যবসায়ী জানান, যশোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে বেগুন আসার ক্ষেত্রে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া আগে ছিল ১৮ হাজার টাকা, যা তেলের দাম বাড়ার পর ২১ হাজার টাকা হয়েছে। ফলে পাইকাররা যে বেগুন ৭০-৮০ টাকায় কিনতেন, তা এখন কারওয়ান বাজারেই ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
এদিকে খুচরা বাজারে দামের এই লাগামহীন বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মিরপুর-১১ নম্বর বাজারে আসা চাকরিজীবী মিনহাজ বলেন, তেলের দাম বাড়ার কারণে পণ্যের দাম কেজিতে বড়জোর ১-২ টাকা বাড়তে পারে। কিন্তু একবারে ১০ থেকে ২০ টাকা বেড়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। বাজারে কোনো নজরদারি না থাকায় বিক্রেতারা যে যার মতো দাম বাড়াচ্ছেন।
সবজির বাজারে অস্থিরতা থাকলেও ফার্মের ডিম ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৫৫ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামেও এখনো জ্বালানি তেলের প্রভাব পড়েনি। তবে পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যার আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও সমপরিমাণ দাম বাড়িয়েছিল। এছাড়া দুই সপ্তাহ আগে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বাড়ানো আটা ও ময়দার দাম এখনো চড়া রয়েছে।
বাজারে দেখা গেছে, খুচরা বাজারে বেড়েছে বেগুনের দাম বেড়েছে। লম্বা বেগুনের দাম বাজারভেদে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ ধরনের বেগুন ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।





