ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার শিকার হয়েছেন তিনি। প্রতারক চক্রটি তার নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের কাছে টাকা দাবি করেছে।
ঘটনাটি জানাজানি হয় গত বৃহস্পতিবার সকালের দিকে। প্রতারকদের পাঠানো বার্তার বিষয়ে সন্দেহ পোষণ করে কয়েকজন ব্যক্তি সরাসরি জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে নম্বর ক্লোনের বিষয়টি প্রকাশ্যে আসে। পরিচিতদের কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়ার পর এমপি জাকির হোসেন বাবলু বিষয়টি নিশ্চিত হন।
প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং সবাইকে সতর্ক করতে সংসদ সদস্য তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ওই নম্বর থেকে আসা কোনো বার্তায় সাড়া না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জাকির হোসেন বাবলু জানান, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন পরিচিত ব্যক্তি তাকে টাকা চাওয়ার বিষয়টি অবহিত করলে তিনি বিষয়টি জানতে পারেন। তিনি বর্তমানে নম্বরটি উদ্ধারের চেষ্টা করছেন এবং প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৮





