কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

Published: September 23, 2026, 11:34 am

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের আওতায় নবজাতক থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষকে একই ছাতার নিচে আনার লক্ষ্য রয়েছে সরকারের। তিনি শিশুদের মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরুর ওপর গুরুত্বারোপ করেন।

পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার পরিচালিত বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাসে শিশুদের থাকা ও পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব। সরকার ও জনগণ একে অন্যের পরিপূরক ও সম্পূরক, প্রতিপক্ষ নয়। এ সময় সংকীর্ণ সমালোচনা এড়িয়ে দেশের বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে নিজেদের নানা সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুদের জন্মনিবন্ধন সনদ পাওয়া এবং বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার বিষয়টি উঠে আসে। মন্ত্রী শিশুদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (লিডো) শিক্ষক ও মানবাধিকারকর্মীদের উদ্যোগে গড়ে ওঠা একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতিষ্ঠানটি পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষায় নিরাপদ আশ্রয় ও জরুরি সেবা দিয়ে আসছে। লিডো শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে পথশিশুদের মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং তাদের ভবিষ্যৎ গঠনে কাজ করছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ বিভিন্ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুরাও অংশ নেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin