সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

Published: September 23, 2026, 11:30 am

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে এখন থেকে আর নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে, সরকারি হাসপাতালের এক কিলোমিটার সীমানার মধ্যে অবস্থিত বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ব্যক্তিগত প্র্যাকটিস করতে পারবেন না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy