মেক্সিকোর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

Published: September 23, 2026, 4:30 am

শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর স্ক্রিন টাইমের নেতিবাচক প্রভাব এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে আনার লক্ষ্যে মেক্সিকো সরকার দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩রা নভেম্বর থেকে সরকারি শিক্ষাব্যবস্থার অধীনে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে থাকাকালীন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সামাজিক যোগাযোগ বাড়াতে সব অঙ্গরাজ্যের শিক্ষা কর্মকর্তারা এই বিষয়ে একমত হয়েছেন। শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো এই পদক্ষেপকে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পড়াশোনায় মনোযোগ ফেরানোর একটি সহায়ক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

তবে উচ্চ বিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রাখা হয়েছে। তারা তাদের নিজস্ব প্রয়োজনে এবং শিক্ষণীয় উদ্দেশ্যে ডিভাইস ব্যবহারের জন্য আলাদা নীতিমালা তৈরি করতে পারবে। বিশ্বজুড়ে শিশুদের প্রযুক্তি আসক্তি ও এর কুফল ঠেকাতে যে কঠোর পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, মেক্সিকোর এই সিদ্ধান্ত তারই একটি অংশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin