অ্যাকশন অবতারে নতুন চমক নিয়ে আসছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা

Published: September 22, 2026, 8:41 am

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা তার ক্যারিয়ারের গ্ল্যামার ও রোমান্টিক চরিত্রের ছক ভেঙে এবার হাজির হচ্ছেন পুরোপুরি অ্যাকশন অবতারে। তার আসন্ন সিনেমা 'মাইসা'-র প্রথম টিজার প্রকাশের পরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টিজারের শুরুতে রশ্মিকার কণ্ঠে শোনা যায়, 'আমি ক্লান্ত, থেমে গেছি, হেরে গেছি।' তবে এরপরই দৃশ্যপট পাল্টে যায় এবং প্রতিকূলতার বিরুদ্ধে এক নারীর লড়াইয়ের গল্প ফুটে ওঠে।

সিনেমায় রশ্মিকা একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির জন্য তাকে কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়েছে। শুটিংয়ের সময় একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে তিনি আহতও হন। অভিনেত্রী জানিয়েছেন, ওই সময় তার টেনডন ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর ব্যথা হয়েছিল। টিজারে তাকে কাস্তে হাতে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে, মোটরসাইকেল চালাতে এবং পানির নিচে শত্রুর মোকাবিলা করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে রশ্মিকার এই নতুন রূপ দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। অনেকে তার অ্যাকশন দক্ষতার প্রশংসা করে সিনেমাটিকে সম্ভাব্য ব্লকবাস্টার হিসেবেও অভিহিত করছেন।

নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় রশ্মিকার সঙ্গে আরও অভিনয় করেছেন এশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন শ্রেয়াস কে কৃষ্ণ এবং সংগীত পরিচালনায় জেকস বিজয়। এছাড়া অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন পরিচালক অ্যান্ডি লং।

আগামী ২৭ নভেম্বর তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম – এই পাঁচ ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy