ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে গভর্নর ও হাইকমিশনারের বৈঠক

Published: September 22, 2026, 9:42 am

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান বাণিজ্য ভারসাম্য উন্নয়নের ওপর জোর দিয়ে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান। এ সময় ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ এবং আন্তসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকে বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। এর জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিনিয়োগবান্ধব বিভিন্ন নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা এখন সহজেই তাদের বিনিয়োগ করা অর্থ এবং মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারছেন। গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও সরোয়ার হোসেন এবং ভারতীয় হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে ও দ্বিতীয় সচিব (অর্থনীতি ও বাণিজ্য) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo