জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়লেও এখনো বড় ভর্তুকি

Published: September 22, 2026, 8:30 am

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো সত্ত্বেও এখনো বড় ধরনের ভর্তুকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রতি লিটার ডিজেলে এখনো প্রায় ৯০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। জ্বালানি তেলের বৈশ্বিক বাজার পরিস্থিতি খুবই অস্থির উল্লেখ করে তিনি বলেন, গত দুই-তিন দিনে অপরিশোধিত তেলের দাম সামান্য দুই-তিন শতাংশ কমলেও তা স্থিতিশীল থাকার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, দাম ২০ টাকা বাড়ানোর পরও ভর্তুকির যে চিত্র, তাতে পরিস্থিতি খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্ট্রেইট অব হরমুজ এবং স্ট্রেইট বাব আল-মানদেব ঘিরে সৃষ্ট সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে। সৌদি আরবের ইস্ট-টু-ওয়েস্ট পাইপলাইন ব্যবহারের প্রচেষ্টাও আক্রমণের শিকার হয়েছে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং হুতিদের সঙ্গে সৌদি আরবের সংকট এখনো চলমান।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে, এটি মেনে নিয়েই রাজনীতি করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকা শহরের কিছু স্থানে ককটেল ফাটানো বা বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে সরকারের মধ্যে কোনো সংকট তৈরি করা সম্ভব নয়। তিনি বর্তমানে কোনো রাজনৈতিক সংকট দেখছেন না বলেও মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin