ময়মনসিংহের ভালুকায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতিসহ মোট আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা আজমপুর এলাকার একটি বাসা থেকে গাজীপুরের ডিবি পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ভালুকা থানা পুলিশ স্থানীয়ভাবে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আটজন হলেন—ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ (৩২), সহসভাপতি সাখাওয়াত হোসেন (৩১), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান (৩০), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ (২৮), উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া (৩০), সাকিব সাহান কাওছার (২০), মেহেদী হাসান (১৯) এবং ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাহাতুল ইসলাম ইশান (২৬)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, উত্তরা থেকে ছয়জনকে গাজীপুর ডিবি পুলিশ আটক করেছে। এছাড়া ভালুকা থানায় গ্রেপ্তারকৃত সাকিব সাহান কাওছার ও মেহেদী হাসানকে দ্রুত বিচার আইনের মামলায় ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।





