দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বরের শুরু থেকে তা দ্রুত অবনতির দিকে যায়। চলতি সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত ৯৩ জন মারা গেছেন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছিল।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ২৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৭১ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৫৯ হাজার ৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।





