রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা

Published: September 21, 2026, 9:45 am

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক গাজী নজরুল ইসলামের ৪ দিনের এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় গাজী নজরুল ও মাকছুদা ইসলামকে।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh