অস্ট্রেলিয়ায় অভিনব কায়দায় ৮ লাখ মৌমাছি চুরি, পরাগায়ন বাণিজ্যে ধস

Published: September 21, 2026, 8:09 am

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলে অত্যন্ত সুপরিকল্পিত ও অভিনব কায়দায় অন্তত ৮ লাখ মৌমাছি চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন খামার থেকে ৪৪টি মৌচাক কলোনি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আর্থিক মূল্য হাজার হাজার ডলার। ক্ষতিকর পরজীবী 'ভ্যারোয়া মাইট'-এর আক্রমণে স্থানীয় মৌচাষিরা যখন এমনিতেই দিশাহারা, ঠিক সেই মুহূর্তে এই চুরির ধাক্কা পুরো খাতে চরম সংকট ডেকে এনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

স্থানীয় মৌচাষি টম বিডনার জানান, চুরি যাওয়া প্রতিটি বাক্সে গড়ে অন্তত ২০ হাজার করে মৌমাছি ছিল। এখনো অনেক এলাকায় তল্লাশি চালানো বাকি রয়েছে, যার ফলে খোয়া যাওয়া মৌমাছির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চুরির ধরন দেখে ধারণা করা হচ্ছে, চোরেরা কোনো সাধারণ অপেশাদার নয়, বরং এই শিল্পের সঙ্গে যুক্ত অত্যন্ত দক্ষ কেউ। দূর থেকে যাতে কারও মনে কোনো সন্দেহ তৈরি না হয়, সেজন্য চোরেরা পুরো মৌবাক্স তুলে নেয়নি। তারা অত্যন্ত চতুরতার সাথে কেবল মৌমাছি থাকা অভ্যন্তরীণ ফ্রেমগুলো সরিয়ে তাদের নিজস্ব বাক্সে ভরে নেয় এবং আগের বাক্সগুলো আগের জায়গাতেই রেখে যায়। এমনকি বাক্সে জমে থাকা মধুও তারা স্পর্শ করেনি。

বর্তমানে ওই অঞ্চলে অ্যাভোকাডো ফলের মৌসুম চলায় পরাগায়ন চুক্তির অধীনে বিভিন্ন ফলবাগানে এসব মৌবাক্স বসানো হয়েছিল। আকস্মিক এই মৌমাছি চুরির কারণে চাষিরা যেমন পরাগায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি হারাচ্ছেন, অন্যদিকে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার চরম ঝুঁকিতে পড়েছেন বাগানমালিকরা। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কোনো প্রতিপক্ষ খামারি অত্যন্ত চতুরতার সাথে এই অভিনব চুরির ঘটনা ঘটিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin