স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

Published: September 21, 2026, 7:06 am

দেশের স্বাস্থ্যখাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে। তাই এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী সেবা নিতে আসেন, সেসব হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।

কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধার বিষয়ে মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হবে। এছাড়া চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানামুখী উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

বক্ষব্যাধি হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৫ সালে বেগম খালেদা জিয়া এই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। দীর্ঘ একুশ বছর পর এই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে এবং নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh