দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগতে থাকা বরিশালের গৌরনদী উপজেলার শিক্ষক সুদাম পাল স্ত্রীর ভালোবাসায় অবশেষে সুস্থ জীবনের দেখা পেয়েছেন। নিজের একটি কিডনি দান করে স্বামীকে নতুন জীবন উপহার দিয়েছেন তাঁর স্ত্রী মন্দিরা রানী পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল মুঠোফোনে অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতীয় সময় গত মঙ্গলবার সকাল ১০টায় দিল্লির ওই হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু হয়। দীর্ঘ ও জটিল চিকিৎসা প্রক্রিয়া শেষে একই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন করতে সক্ষম হন। সব ধরনের প্রস্তুতি এবং দীর্ঘ পর্যবেক্ষণ শেষে গত ২৪ নভেম্বর এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে শুভপরিণয়ে আবদ্ধ হন সুদাম পাল ও মন্দিরা রানী পাল। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল গুরুতর কিডনি রোগে আক্রান্ত হলে পরিবারটিতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দেয়। দেশে ও ভারতে দীর্ঘ চিকিৎসাসেবা নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তবে দীর্ঘদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো উপযুক্ত কিডনি দাতা মেলেনি।
স্বামীর জীবন রক্ষায় যখন আর কোনো উপায় ছিল না, তখন নিজের একটি কিডনি দান করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। পরম মমতায় তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’ পেশাগত জীবনে মন্দিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। আর তাঁর স্বামী সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই সাথে উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্বামীর চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হয় পরিবারটিকে। আদালত, আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি অনুমোদন পাওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার মূল কাজ শুরু হয়। সেখানে হাসপাতালের ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের সরাসরি তত্ত্বাবধানে সুদাম পালের চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়।
অস্ত্রোপচার সফল হওয়ার খবরে দুই পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে বইছে আবেগ ও স্বস্তির বাতাস। সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জীবনের এই কঠিন লড়াইয়ে স্ত্রীর এগিয়ে আসার কথা স্মরণ করেন। এদিকে গৌরনদী প্রেসক্লাবের বর্তমান সভাপতি জহুরুল ইসলাম জহির এই ঘটনার প্রশংসায় বলেন, ‘স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’





