দৌলতদিয়ার যৌনপল্লীতে যুবতীকে আটকে দেহ ব্যবসায় বাধ্য করায় ২ জনের যাবজ্জীবন

Published: November 25, 2026, 12:38 pm

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে এক তরুণীকে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসা করানো ও পৈশাচিক নির্যাতনের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি এবং একই উপজেলার বাহির চর দৌলতদিয়ার মজি ফকির পাড়ার বাসেদের ছেলে মোদী ফকির।

আদালত সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় রোজী সরদারনি ও মোদী ফকিরের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলার ১১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের দুজনকে অতিরিক্ত সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন, যা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে প্রতারণামূলকভাবে বাসে তুলে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। সেদিন রাতে দৌলতদিয়া যৌনপল্লীর পেছনের গেট দিয়ে প্রবেশ করিয়ে তাকে মজি ফকিরের বাড়িতে আটকে রাখা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়।

পরবর্তী সময়ে দেহ ব্যবসা করতে অস্বীকৃতি জানালে ওই বছরের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত তরুণীর ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। নির্যাতন চলাকালে তরুণীর চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় তাকে মজি ফকিরের বাড়ি থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের পর দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও সাংবাদিক শেখ রাজীবের সহযোগিতায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী মানবপাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এর মাধ্যমে বাদী কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন এবং ঘোষিত রায়ে প্রসিকিউশন পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin