রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-র অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র তুলে ধরতে অর্থনৈতিক শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখে। তাই অর্থনৈতিক শুমারির তথ্য যথাযথভাবে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মনসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনীতি সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান করে। পরিকল্পিত উন্নয়ন, গবেষণা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিসংখ্যানভিত্তিক তথ্যের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিএসবিআর ব্যবসা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহীর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক ইমরান হোসেন। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক কাজল রেখা এতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঢাকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আরিফুল ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছা. তাছমিনা খাতুন।
সভায় বক্তারা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় পর্যায়ে 'অর্থনৈতিক শুমারি ২০২৪'-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। আয়োজিত এই সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





