আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Published: November 25, 2026, 10:57 am

আওয়ামী লীগ তার নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে এবং দলটি আর কখনোই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি চর্চা করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আর কোনো স্বীকৃতি অবশিষ্ট নেই এবং দেশের জনগণও তা কখনো দেবে না। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট কিংবা মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও পুনরায় রাজনীতিতে ফিরে আসতে পারেনি। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা সংক্রান্ত ঘোষণা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান তা গণমাধ্যমে উঠে এসেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আলোকেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে চিঠি পাঠিয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেছে। ওই দেশের পক্ষ থেকেও বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আসিব আসিব বলিয়া' নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বরের কথা বলা হলেও এসব নিয়ে সরকারের কোনো চাপ বা উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্তের ওপারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের ভেতরে আত্মগোপনে থাকা কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করছেন। তারা মাঠপর্যায়ের কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে মশাল মিছিল, শাটডাউন, লকডাউন কিংবা হরতালের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত করার নির্দেশনা দিচ্ছেন। তবে দেশের সচেতন জনগণ তাদের এ ধরনের অপতৎপরতা কখনোই মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin