বাংলাদেশের পোশাকশিল্পের বিশ্ব জয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার অনন্য ভূমিকা রয়েছে। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা ও সাফল্যের প্রতীক। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই মত প্রকাশ করেন। তিনি বলেন, এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকদের জীবন ও তাঁদের পরিবারের সংগ্রাম জড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা এবং উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং এটি একটি নৈতিক ও সমন্বিত দায়িত্ব।
এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে মাহদী আমিন উল্লেখ করেন। তিনি জানান, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে, যা শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এ সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৪৩ শতাংশ বেশি। গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, অর্থাৎ ৪০ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রেড-৩-এ জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৪১ দশমিক ৭০ শতাংশ বেশি। এছাড়া সর্বনিম্ন গ্রেড-৪-এ হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৩৬ শতাংশ বৃদ্ধি।
উপদেষ্টা আরও জানান, বর্ধিত এই ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস পাবেন, যার ফলে মূল বেতনের বাইরেও অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে তাঁদের মোট আয় আরও বৃদ্ধি পাবে। তিনি বিশ্বাস করেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং রপ্তানি সাফল্যের ভিত্তি। শিল্পের সমৃদ্ধি ও শ্রমিকের কল্যাণ একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান ও উন্নত জীবনমান নিশ্চিত করতে পারে।
মাহদী আমিন মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে এই নতুন মজুরিকাঠামো প্রদানের জন্য ধন্যবাদ জানান। তিনি শ্রমিক ও মালিকদের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও সহনশীলতা বজায় রেখে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে প্রভাবিত না হয়ে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখাই এখন দায়িত্বশীল ভূমিকা। শ্রমিক-মালিকের সম্মিলিত প্রচেষ্টাই আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





