মজুরি ঘোষণার পরও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ

Published: November 25, 2026, 10:50 am

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। নতুন মজুরি কাঠামোর সিদ্ধান্ত ঘোষণার পরেও এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (২৫ নভেম্বর) আশুলিয়ার ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বুধবার সকালে এক খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বন্ধ থাকা ২২টি কারখানা ছাড়াও শিল্পাঞ্চলের ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। আরও অন্তত ১০টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। এ ছাড়া ভিন্ন অন্যান্য কারণে দুটি কারখানা বন্ধ রাখা হয়েছে।

এর আগে বুধবার ভোরে প্রায় ১২ ঘণ্টা দীর্ঘ আলোচনার পর ন্যূনতম মজুরি বোর্ড ভোটাভুটির মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয়। যা আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বেশি। বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা ১৮ হাজার টাকার দাবি জানালেও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে ১৭ হাজার টাকার সিদ্ধান্ত মেনে নেন। তবে ভোরে আসা এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব শিল্পাঞ্চলের সব কারখানায় পড়েনি।

শিল্পাঞ্চলটিতে মঙ্গলবার থেকেই নানা কারখানায় শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত জনবল নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin