৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Published: November 25, 2026, 9:24 am

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়া ৩ লাখ মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের দেওয়া এসব বাইসাইকেলের গুণমান ও ব্যবহারিক দিক সরেজমিনে যাচাই করতে আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে প্রদর্শনীতে আনা বিভিন্ন মডেলের বাইসাইকেল নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সচিবালয় প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সরকারের উপহার হিসেবে নির্ধারিত এসব বাইসাইকেলের মান কেমন এবং ছাত্রীদের ব্যবহারে সেগুলো কতটা উপযোগী হবে, মূলত তা পরখ করে দেখাই ছিল প্রধানমন্ত্রীর সাইকেল চালানোর উদ্দেশ্য।

মন্ত্রণালয়ের এ বিশেষ কর্মসূচির অধীনে সারা দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে। নির্ধারিত বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পাবেন একটি করে সাইকেল। মূলত নারী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি করা এবং মাধ্যমিক স্তরে মেয়েদের ঝরে পড়ার হার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সচিবালয়ে আয়োজিত এ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৪: ৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৫: ০৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh