তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, এএস-৫৩২ কুগার মডেলের হেলিকপ্টারটি এসকিশেহির শহর থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যেখানে দেশটির বিমানবাহিনীর প্রথম প্রধান জেট ঘাঁটি অবস্থিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপর পৃথক বিবৃতিতে নিহত পাঁচজনকে 'বিমানবাহিনীতে দায়িত্ব পালনরত পাঁচ বীর সহযোদ্ধা' হিসেবে উল্লেখ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচায়ের গ্রামের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে আছে এবং তা থেকে ধোঁয়া বের হচ্ছে। ধ্বংসাবশেষের অবস্থা দেখে মনে হচ্ছে হেলিকপ্টারটির মূল কাঠামোর বড় একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এএস-৫৩২ কুগার মূলত দুই ইঞ্জিনবিশিষ্ট একটি বহুমুখী সামরিক হেলিকপ্টার, যা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়।
গত দুই সপ্তাহের মধ্যে তুরস্কে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ১২ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মালাতিয়া এলাকায় সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন ক্রু সদস্য নিহত হয়েছিলেন। এই দুই দুর্ঘটনায় গত দুই সপ্তাহে তুরস্কের সশস্ত্র বাহিনীর মোট নয়জন সদস্য প্রাণ হারালেন।





