২০২৫ সালে বিশ্বজুড়ে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন

Published: November 25, 2026, 4:21 am

বিশ্বজুড়ে গত বছর অন্তত ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের কোনো সদস্যের হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন এবং প্রতিদিন ১২৯ জন নারী ও কন্যাশিশু এ ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও কন্যাশিশুদের জন্য তাদের নিজেদের ঘরই সবচেয়ে বিপজ্জনক স্থান। ইউএন উইমেনের মতে, বছরের পর বছর পার হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত বছর বিশ্বব্যাপী মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছিলেন, যার প্রায় ৬০ শতাংশই ঘটেছে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল আনুমানিক ৫০ হাজার। জাতিসংঘ স্পষ্ট করেছে যে, গত বছরের তুলনায় এই সংখ্যা কম দেখা গেলেও তা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয় না, বরং তথ্য সংগ্রহের পদ্ধতিতে উন্নতির কারণেই পরিসংখ্যানের এই পরিবর্তন হয়েছে।

সহিংসতার এই চিত্র বিশ্বের কোনো অঞ্চলেই সীমাবদ্ধ নয়। তবে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়, যেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন হত্যাকাণ্ডের শিকার হন। এছাড়া আমেরিকায় প্রতি এক লাখে ১ দশমিক ৪ জন, ওশেনিয়ায় ১ দশমিক ১ জন, এশিয়ায় শূন্য দশমিক ৬ জন এবং ইউরোপে শূন্য দশমিক ৫ জন নারী এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই ভয়াবহ পরিসংখ্যানের পেছনে গভীর সামাজিক রীতিনীতি, ক্ষতিকর দৃষ্টিভঙ্গি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যর্থতা দায়ী। তিনি বলেন, এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে স্ত্রী, কন্যা, মা কিংবা বোনকে হত্যা করাকেও একপর্যায়ে সহনীয় বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সামাজিক আচরণ পরিবর্তনের পাশাপাশি পারিবারিক সহিংসতায় জড়িতদের কঠোরভাবে মোকাবিলা এবং নারীদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে বিশেষ কর্মসূচিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ইউএন উইমেন জানিয়েছে, নারীহত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের নির্যাতন ও হুমকির চূড়ান্ত পরিণতি। অধিকাংশ ভুক্তভোগীই সহায়তার জন্য আবেদন করতে পারেন না অথবা প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত হন। অপরাধীদের বড় একটি অংশ বিচারের আওতার বাইরে থেকে যায়। ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, সহিংসতার আগাম সতর্কসংকেত উপেক্ষা করা, অভিযোগের যথাযথ তদন্ত না করা এবং অপরাধীদের বিচারের আওতায় না আনার পরিণতি প্রাণঘাতী হতে পারে। তিনি আরও বলেন, নারীরা যাতে নিরাপদে অভিযোগ জানাতে পারেন এবং পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সুরক্ষা পান, তা নিশ্চিত করা জরুরি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার তুলনামূলকভাবে ধীরগতিতে কমছে। ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত আমেরিকায় সাধারণ হত্যাকাণ্ডের হার যে হারে কমেছে, নারীহত্যার হার তার চেয়ে প্রায় দ্বিগুণ ধীরগতিতে কমেছে। ইউরোপের ক্ষেত্রে এই ব্যবধান প্রায় দেড় গুণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy