ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন ট্রাম্প

Published: November 25, 2026, 6:20 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থায়ন তাদের হাতে রয়েছে। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তার স্বাধীনতা কমে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ডেমোক্র্যাটদের সতর্ক করে বলেন, তারা যদি ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়, তবে তা যুক্তরাষ্ট্রের অর্জিত ‘পূর্ণ বিজয়কে’ পরাজয়ে পরিণত করবে।

ট্রাম্পের মতে, বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা—যার মধ্যে নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত—প্রায় ধ্বংসের পথে এবং দেশটির নেতারাও আর আগের মতো অবস্থানে নেই। তিনি বলেন, ‘তারা একটি পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে। ডেমোক্র্যাটরা যদি এমনটা করে, তবে তা আমার বোধগম্য নয়। আমরা চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।’ তিনি আরও নিশ্চিত করেছেন যে, জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা আছে।

ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এটি তার ব্যক্তিগত লক্ষ্য নয়। তিনি বলেন, ‘আমি শুধু চাই না তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না; এটি আমার বিবেচনার মানদণ্ড নয়।’ তবে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বর্তমান শাসনব্যবস্থার অবসান ঘটানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জন করা বাস্তবসম্মত হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh