ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষার বিতর্ক ও সাজা

Published: November 25, 2026, 6:00 am

সাত দশকের দীর্ঘ ইতিহাসে মিস ইউনিভার্স প্রতিযোগিতা একাধিকবার বিতর্কের মুখোমুখি হলেও ২০২৩ সালের একটি ঘটনা পুরো আয়োজনের নিরাপত্তা ও নৈতিকতাকে চরম প্রশ্নের মুখে ফেলে দেয়। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন প্রতিযোগী অভিযোগ করেন, আয়োজকেরা পোশাক খুলে তাঁদের শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন। অনুমতি ছাড়া আপত্তিকর ভঙ্গিতে তাঁদের ছবি তোলার এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তোলে। শেষ পর্যন্ত ঘটনার তদন্ত শেষে ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হয় এবং সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে কারাদণ্ড ভোগ করতে হয়।

২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই বছরের আন্তর্জাতিক মূল আসরে দেশের প্রতিনিধি চূড়ান্ত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। তবে ৩ আগস্টের চূড়ান্ত পর্বের মাত্র দুই দিন আগে, ১ আগস্ট ঘটে যায় বিতর্কিত ঘটনাটি। প্রতিযোগীদের অভিযোগ অনুযায়ী, শরীরে কোনো দাগ, সেলুলাইট কিংবা ট্যাটু রয়েছে কি না—তা পরীক্ষার কথা বলে তাঁদের একটি হোটেলের বলরুমে নিয়ে যাওয়া হয়। এই ধরনের পরীক্ষা সৌন্দর্য প্রতিযোগিতার কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল না।

অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি জানান, অন্তত কয়েকজন প্রতিযোগীকে হোটেলের বলরুমে নিয়ে অন্তর্বাস পর্যন্ত খুলতে বলা হয়। ওই সময় কক্ষটিতে পুরুষসহ প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন। কক্ষের উপস্থিতদের কেউ কেউ ঘটনার ছবি তোলেন বলেও অভিযোগ ওঠে। অভিযোগকারী নারীদের মধ্যে পাঁচজন জানান, তাঁদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল। হঠাৎ এমন পরিস্থিতির মুখে পড়ে প্রতিযোগীরা হতভম্ব হয়ে যান এবং আয়োজকদের নির্দেশের কারণে তাৎক্ষণিকভাবে কোনো আপত্তি তোলা তাঁদের জন্য সহজ ছিল না। এক প্রতিযোগী অভিযোগ করেন, তাঁকে অত্যন্ত অপমানজনক ভঙ্গিতে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল।

সম্মতি ও ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘনের এই ঘটনায় নারীদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েন প্রতিযোগীরা। আইনজীবী মেলিসা মন্তব্য করেন, যে প্রতিযোগিতা নারীর আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়াতে আয়োজিত হয়, সেখানেই নারীদের বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে। ঘটনার পরপরই ২০২৩ সালের আগস্ট মাসে ভুক্তভোগী নারীরা পুলিশের দ্বারস্থ হতে শুরু করেন। প্রথমে ছয়জন অভিযোগ জানালেও পরে দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, আটজন প্রতিযোগী আয়োজক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।

প্রতিযোগীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছে এবং বিনা অনুমতিতে ছবি তোলা হয়েছে। বিষয়টি ইন্দোনেশিয়ার ২০২২ সালের যৌন সহিংসতাবিরোধী আইনের আওতায় তদন্তের দাবি ওঠে। জাকার্তা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে, যার মধ্যে ছিল হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও অভিযোগকারীদের জবানবন্দি গ্রহণ। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া প্রতিযোগীদের জন্য পুলিশ মনঃসামাজিক সহায়তার ব্যবস্থাও গ্রহণ করে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশন (কমনাশ পেরেমপুয়ান) বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। সংস্থাটি জানায়, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অজুহাতে যৌন হয়রানিকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা ভুক্তভোগী প্রতিযোগীদের সাহসের প্রশংসা করে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানায়। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কমিশন স্পষ্ট করে যে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার অর্থ এই নয় যে কেউ নিজের শরীর বা মর্যাদার ওপর অন্যের অধিকার মেনে নেবে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি কাপেলা স্বস্তিকা কারিয়া। তবে প্রতিষ্ঠানটির জাতীয় পরিচালক ও লাইসেন্সধারী পপি কাপেলা এ ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, এ ধরনের কোনো পরীক্ষার নির্দেশের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং যৌন সহিংসতার বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট। তবুও ব্যাপক সমালোচনার মুখে আন্তর্জাতিক মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার ওই আয়োজক সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে।

পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে দোষী সাব্যস্ত করে এক বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক নথিতে উঠে আসে, চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের মোট ১৭টি ছবি ভুক্তভোগীদের অনুমতি ছাড়াই অভিযুক্ত কর্মকর্তার মুঠোফোনে সংরক্ষণ করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo