গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Published: November 25, 2026, 4:36 am

গাজীপুরে ঢাকা-গাজীপুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ এবং কারখানায় ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গাজীপুরের তিন সড়ক এলাকা সংলগ্ন কয়েকটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা ছুটি হওয়ার পর আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে তারা স্থানীয় ‘স্পেরো অ্যাপারেলস’ কারখানার প্রধান ফটকে ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

একই সময়ে গাজীপুর নগরীর নাওজোড় এলাকাতেও উত্তেজনা সৃষ্টি হয়। সেখানকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকেরা অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin