ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলীয় প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণী সহকর্মীদের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার দিবাগত রাতে 'সালতানাত ক্যাফে' নামের ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী এবং অভিযুক্তরা সবাই ওই ক্যাফেতেই কর্মরত। সোমবার রাতে ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পর তারা ভেতরেই একটি পার্টিতে অংশ নেন। রাত সাড়ে ১১টায় সাধারণ গ্রাহকদের জন্য ক্যাফে বন্ধ হলেও কর্মীদের একজনের কাছে চাবি থাকায় তারা ভেতরে পানাহার ও নাচগান চালিয়ে যান। পরবর্তীকালে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে সবাই ক্যাফে থেকে বের হন।
নির্যাতিত তরুণীর অভিযোগ অনুযায়ী, পার্টি চলাকালে দুই পুরুষ সহকর্মী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং দলের অন্য সদস্যরা তাতে সরাসরি সহায়তা করেন। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চারজন পুরুষ ও দুজন নারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন ছাড়া পলাতক অপর তিন পুরুষ অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





