মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু

Published: November 23, 2026, 1:15 pm

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা মামুন মিয়া (৩২) তার স্ত্রীর হামলায় গুরুতর আহত হওয়ার ছয় দিন পর মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই তিনি অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহত মামুন মিয়া ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত ১৮ নভেম্বর ভোররাতে শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ওই রাতে খাবারের সঙ্গে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তিনি অচেতন হয়ে পড়লে তার স্ত্রী মমতা বেগম (২৫) মসলা পেষার পাথরের শিল দিয়ে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। হামলার পর মামুনকে বাড়িতে রেখেই স্ত্রী পালিয়ে যান।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

অভিযুক্ত মমতা বেগমকে ঘটনার পর শুক্রবার দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মামুনের মৃত্যুর পর মামলাটির আইনি প্রক্রিয়া জোরদার করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মামুন ও মমতার বিয়ে হয় এবং তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin