সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।
বৈঠকে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় তাঁরা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং বর্তমান একাডেমিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি এ সময় উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং অর্জিত জ্ঞান ও আধুনিক দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হোক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।





