দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে দীর্ঘদিনের পুরোনো ঠিকাদারি সিন্ডিকেট অপসারণ এবং বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জোরালো প্রতিবাদ শুরু হয়েছে। সোমবার দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়, যেখানে বিতর্কিত দুই ঠিকাদারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পুনরায় এসে হাসপাতালের প্রধান ফটকের সামনে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল। তিনি তাঁর বক্তব্যে অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে অনৈতিক সুবিধা অর্জনকারী চক্রের অর্থ জোগানদাতারা এখনো হাসপাতালে সক্রিয়ভাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী হাসপাতালটির ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন ঘটলেও তাদের ব্যবসায়িক দৌরাত্ম্য বন্ধ হয়নি। বর্তমানে হাসপাতাল থেকে অর্জিত অর্থ দেশের সামগ্রিক অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হাসপাতালের ঠিকাদারি নিয়ন্ত্রণে থাকা প্রভাবশালী সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।





