শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আকতার হোসেন সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে আসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সোমবার দুপুরের দিকে তাকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়। ডিসি মো. আকতার হোসেন ব্রিফিংয়ে জানান, আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং চলতি বছর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলার তদন্তে তার নাম উঠে আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
থাইল্যান্ড থেকে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির হাতে তুলে দেয়। আসলাম বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে দায়েরকৃত মামলাগুলোর অবস্থা পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং সুযোগ ও সক্ষমতা অনুযায়ী তাদের গ্রেপ্তারের অভিযান চলবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন খুন হন। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটন দ্বিতীয় স্থানে ছিলেন এবং তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার কোন্দলের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম, যার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায়। ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধ জগতে তার উত্থান ঘটে। নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে রানা গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল। ১৯৯৬ সালে রানা খুনের পর ওই এলাকায় আসলামের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং পিচ্চি হান্নানসহ অন্যদের মাধ্যমে তিনি অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রের তথ্যমতে, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠার পর তিনি আলোচনায় আসেন।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। পিচ্চি হান্নান ছিলেন এই গ্রুপের অন্যতম সদস্য। ১৯৯০ সালের পর এলাকার আধিপত্য নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ তীব্র হতে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটত, যাতে হতাহতের ঘটনাও ঘটে।





