পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ওসি অলিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যান্যরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, রবি মৌসুমে সরিষা, খেসারি ও মসুরের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১০ হাজার ৫৫০ জন কৃষককে মোট ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই সরকারি প্রণোদনার ফলে সংশ্লিষ্ট ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।





