আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩, ২১ কারখানায় ছুটি

Published: November 23, 2026, 9:21 am

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

সংঘর্ষের ঘটনায় নিউ এইজ গ্রুপের তিন কর্মী—সিরাতুব, রেখা ও সুইটি—আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এর আগে সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছিলেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের এই বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া আরও তিনটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। তিনি আরও জানান, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ওই এলাকায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin