ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, যুদ্ধ অবসানের জন্য উত্থাপিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পরিদর্শন সম্ভব নয়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি এ তথ্য জানিয়েছেন।
মিজান বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশকাভি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য বর্তমানে ‘এমন কোনো প্রটোকল নেই’।
এদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে তাদের পারমাণবিক স্থাপনা ও উপাদানের ওপর নজরদারির সুযোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে। সংস্থাটির মতে, এই স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকা পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয় এবং বিষয়টি ‘সর্বোচ্চ জরুরি ভিত্তিতে’ সমাধান করা প্রয়োজন।
তবে তেহরান আইএইএর এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে আইএইএ ওয়াশিংটনের প্রভাবের কাছে নতি স্বীকার করছে বলেও অভিযোগ তুলেছে ইরান।





