প্লুটোর নামকরণের পেছনে রয়েছে এক ব্রিটিশ কিশোরীর সৃজনশীল গল্প

Published: November 23, 2026, 2:50 am

সৌরজগতের শেষ সীমানায় অবস্থিত প্লুটো দীর্ঘ ৭০ বছর গ্রহ হিসেবে পরিচিত ছিল। ১৯৩০ সালে আবিষ্কারের পর পূর্ণাঙ্গ গ্রহ হওয়ার তিনটি শর্ত পূরণ করতে না পারায় ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন একে বামন গ্রহের শ্রেণিতে অন্তর্ভুক্ত করে। তবে গ্রহ হিসেবে পরিচিতি না পেলেও প্লুটোর নামকরণের পেছনের ইতিহাসটি বেশ আকর্ষণীয়।

১৯৩০ সালে নতুন এই গ্রহটি আবিষ্কারের পর লোয়েল অবজারভেটরি কর্তৃপক্ষ এর নামকরণের জন্য বিশ্বজুড়ে নাম আহ্বান করে। এতে প্রায় এক হাজার নাম জমা পড়ে। সেই তালিকায় ছিল ১১ বছর বয়সী এক ব্রিটিশ স্কুলছাত্রী ভেনেশিয়া বার্নির প্রস্তাবিত নামও। অবাক করার মতো বিষয় হলো, সব নাম যাচাই-বাছাই শেষে লোয়েল অবজারভেটরি কর্তৃপক্ষ ভেনেশিয়া বার্নির দেওয়া 'প্লুটো' নামটিই চূড়ান্তভাবে বেছে নেয়। এই নামকরণের স্বীকৃতিস্বরূপ বার্নিকে পাঁচ পাউন্ড পুরস্কারও দেওয়া হয়েছিল।

এই নামকরণের ঘটনাটি শুরু হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ডে, যেখানে ভেনেশিয়া বার্নি তার পরিবারের সঙ্গে থাকতেন। ১৯৩০ সালের ১৪ মার্চ সকালে মা ও দাদা ফ্যালকনার ম্যাডানের সঙ্গে নাশতা করার সময় তার দাদা নতুন গ্রহ আবিষ্কারের খবরটি জানান এবং এর নাম নিয়ে কৌতূহল প্রকাশ করেন। নাসাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্মৃতিচারণা করে বলেছিলেন, ছোটবেলায় বই পড়ার সুবাদে গ্রিক ও রোমান পুরাণ সম্পর্কে তার বেশ ভালো ধারণা ছিল এবং সৌরজগতের অন্যান্য গ্রহের নামগুলোও তার জানা ছিল। তাই প্লুটো নামটি তখন তার কাছে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল।

এই প্রস্তাবটি কোনো বৈজ্ঞানিক গবেষণার ফল ছিল না, বরং সাধারণ এক পারিবারিক আলোচনার ফসল। তবে বার্নির দাদা নামের গুরুত্ব অনুধাবন করে তা অক্সফোর্ডের অধ্যাপক ও সাবেক জ্যোতির্বিজ্ঞানী রয়্যাল হার্বার্ট হল টার্নারের কাছে পৌঁছে দেন। টার্নার সেই সময় লন্ডনে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন, তাই তিনি দ্রুতই বার্নির প্রস্তাবটি সভায় উপস্থাপন করেন। এর ফলে ১৯৩০ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে গ্রহটির নাম রাখা হয় 'প্লুটো'।

রোমান পুরাণে প্লুটো ছিলেন পাতালপুরীর দেবতা। সৌরজগতের শেষ প্রান্তে অন্ধকারাচ্ছন্ন ও রহস্যময় বস্তুর জন্য এই নামটি যথার্থ বলে বিবেচিত হয়েছিল। এছাড়া, প্লুটো নামের প্রথম দুটি অক্ষর পার্সিভাল লোয়েলের নামের আদ্যক্ষরের সঙ্গে মিলে যাওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি 'প্ল্যানেট এক্স' অনুসন্ধানের মাধ্যমে এই আবিষ্কারের পথ প্রশস্ত করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo