মালয়েশিয়ার লংকাউতে শনিবার অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম কঠিন ট্রায়াথলন প্রতিযোগিতা 'আয়রনম্যান'। এই আসরে পূর্ণ দূরত্বের (৩.৮ কিমি সাঁতার, ১৮০ কিমি সাইক্লিং ও ৪২.২ কিমি দৌড়) এবং অর্ধদূরত্বের (১.৯ কিমি সাঁতার, ৯০ কিমি সাইক্লিং ও ২১.১ কিমি দৌড়) প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মোট ১৩ জন ট্রায়াথলেট সফল হয়েছেন। আয়রনম্যানের ওয়েবসাইট ও অ্যাপ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের এই প্রতিযোগিতাটি ১০ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সেকেন্ডে সম্পন্ন করেছেন। বাংলাদেশ ব্যাংকের এই যুগ্ম পরিচালক তাঁর ৩৫-৩৯ বছর বয়স গ্রুপে ৬৬ জনের মধ্যে নবম এবং মোট ৫০৬ জন প্রতিযোগীর মধ্যে ৫০তম স্থান অর্জন করেন। এটি ছিল তার ২৩তম আয়রনম্যান অংশগ্রহণ। প্রতিযোগিতার পর তিনি জানান, এই সাফল্য তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তিনি বাংলাদেশের তরুণদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে চান।
পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করা অন্য বাংলাদেশিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (১২ ঘণ্টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ড), মোহাম্মদ আতাওর রহমান (১৪ ঘণ্টা ২৭ মিনিট ১০ সেকেন্ড), বদর উদ্দিন (১৪ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ড), মো. সজীব (১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড) এবং মো. ইমতিয়াজ-বিন-ফারুক ভূঁইয়া (১৬ ঘণ্টা ২০ মিনিট ৩৩ সেকেন্ড)। তবে ফাতিন আল ফারাবী অসুস্থতার কারণে প্রতিযোগিতা শেষ করতে পারেননি।
একই দিনে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বা অর্ধদূরত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ জন বাংলাদেশির মধ্যে ৭ জন সফল হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ আলীমুজ্জামান খান (৭ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড), মো. রফিকুল ইসলাম (৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ড), ইয়াসির ইবনে ইউসুফ (৭ ঘণ্টা ১৬ মিনিট ৪৪ সেকেন্ড), মনোজ প্রসাদ (৭ ঘণ্টা ১৯ মিনিট ৪৯ সেকেন্ড), মুহাম্মদ শাকিরুল হক (৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৭ সেকেন্ড), মো. আরমান রশিদ (৭ ঘণ্টা ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড) এবং মো. মানিক দেওয়ান (৭ ঘণ্টা ৫০ মিনিট ৫৪ সেকেন্ড)। এই ইভেন্টে সাইফুর রহমান ও আয়েশা নায়ার সফল হতে পারেননি। এছাড়া ঢাকা থেকে অংশ নেওয়া নেদারল্যান্ডসের লেনি হরস্টিংক ৫ ঘণ্টা ২৬ মিনিট ১৭ সেকেন্ড এবং স্পেনের সুসানা লিজানো গ্র্যানেনা ৭ ঘণ্টা ৩১ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছেন।
পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় চীনের লিচ্যাং ঝু ৯ ঘণ্টা ৪ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ফ্রান্সের লরেন্ট মারসিলক্স এবং অস্ট্রেলিয়ার আসাদ আট্টামিমি। অন্যদিকে, আয়রনম্যান ৭০.৩ ইভেন্টে ৪ ঘণ্টা ৪ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ার জেড রেডবোন, দ্বিতীয় লুরি ওয়াটসন এবং তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার ওই ইয়ি ইয়াপ।





