স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রগামী থাকবে: আমীর খসরু

Published: November 21, 2026, 1:45 pm

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রামস্থ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে পেশাদারিত্বের সাথে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আগামীতেও তারা এই ধারা অব্যাহত রাখবেন। তিনি আরও উল্লেখ করেন, দেশে গণতন্ত্র বজায় থাকলে সশস্ত্র বাহিনীর মর্যাদা বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বিশ্বও তাদের সম্মানের চোখে দেখে।

বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তিনির্ভর শক্তিশালী বাহিনীতে পরিণত করতে বদ্ধপরিকর বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সেনাবাহিনীসহ তিন বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষা এবং জাতীয় যেকোনো সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh