ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

Published: November 21, 2026, 12:31 pm

রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ও ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) যৌথ আয়োজনে এই সম্মেলন সম্পন্ন হয়। এতে বিশ্বের ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনের সহযোগী সংস্থা হিসেবে যুক্ত ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২০ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান।

সম্মেলনে মূল বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন তিন বিশিষ্ট আন্তর্জাতিক শিক্ষাবিদ। তাঁরা হলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ (English Language Education in a Fractured World: Posthumanist Perspectives and Practices) শীর্ষক মূল প্রতিপাদ্যকে ঘিরে সম্মেলনটির সেশনগুলো পরিচালিত হয়। এ সময় বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবেশগত সংকট ও ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষক ও গবেষকেরা সমসাময়িক নানা চ্যালেঞ্জের আলোকে নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা তুলে ধরেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh