পাকিস্তানে পেট্রোলের দাম কমল এক রুপি, বাড়ল ডিজেলের দাম

Published: November 21, 2026, 10:12 am

পাকিস্তানের সরকার প্রতি লিটার পেট্রোলের দাম এক রুপি কমিয়েছে। তবে একই সঙ্গে ডিজেলের (এইচএসডি) দাম দুই রুপি বাড়ানো হয়েছে। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগরা (ওজিআরএ) শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দর ঘোষণা করে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার পেট্রোল ৩২২ রুপিতে এবং ডিজেল ৩৫৭ রুপিতে বিক্রি হবে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব দ্রুত ভোক্তাপর্যায়ে পৌঁছে দিতে ওগরা এখন থেকে প্রতিদিনের ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ করছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে সরকার প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর সরকার সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদ্ধতি চালু করেছিল। ওই দিন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। জুন মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর উত্তেজনা আরও বেড়েছে, যা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত করছে এবং পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানে প্রতি ১৫ দিন পরপর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতো।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ৫৪আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ৫৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh