আওয়ামী আমলে ভুয়া জঙ্গি দল তৈরির নেপথ্যে গোয়েন্দারা, মিলল প্রমাণ

Published: November 21, 2026, 6:39 am

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘আনসারুল্লাহ বাংলা টিম’, ‘আনসার আল ইসলাম’ ও ‘নব্য জেএমবি’র মতো তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠনের জন্ম ও বিস্তার নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও তথ্য সামনে আসছে। নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ কিংবা জেএমবির উত্থান ও নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেও, গত ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে মূলত ইসলামপন্থীদের দমন করার উদ্দেশ্যে নামসর্বস্ব সংগঠন তৈরির পেছনে খোদ গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সাজানো নাটকের আড়ালে নির্দোষ আলেমদের কারাবন্দি ও হয়রানি করার এই প্রক্রিয়ার মূল কারিগর ছিলেন গোয়েন্দা বিভাগের (ডিবি) বরখাস্তকৃত প্রধান মনিরুল ইসলাম।

দীর্ঘদিন সাজানো জঙ্গি মামলায় কারাবন্দি থাকা প্রখ্যাত আলেম জসিম উদ্দিন রাহমানীসহ একাধিক ধর্মীয় ব্যক্তিত্ব অতীতে বারবার অভিযোগ করেছিলেন যে, ইসলামপন্থীদের দমন করতে ডিবি কার্যালয়ের ভেতরেই এসব কাল্পনিক সংগঠনের রূপরেখা তৈরি করা হয়েছিল। তৎকালীন সময়ে সরকার এসব গুরুতর অভিযোগের বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করলেও, সম্প্রতি গ্রেপ্তার হওয়া র‍্যাব-১১-এর (বর্তমানে এসআরবি) সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিনের একটি অডিও রেকর্ডে সেই দাবির জোরালো প্রমাণ মিলেছে। গ্রেপ্তারের আগে গুমের শিকার এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে আলেপ স্বীকার করেন, ব্লগার অভিজিৎসহ অন্যান্য হত্যাকাণ্ডের পর টানা দুই বছর ধরে প্রকৃত খুনিদের কোনো সূত্র খুঁজে পায়নি গোয়েন্দারা। নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই তৎকালীন ডিবিপ্রধান মনিরুল আনসার আল ইসলাম, নব্য জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের মতো কাল্পনিক সংগঠনগুলোকে জনসমক্ষে নিয়ে আসেন। দৈনিক ‘আমার দেশ’-এর কাছে আলেপ উদ্দিনের এই চাঞ্চল্যকর অডিও রেকর্ডটি রয়েছে।

র‍্যাবে দায়িত্ব পালনকালে আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম, ভিন্নমত দমন, সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে ফাঁসানো এবং ভুক্তভোগীদের স্বজনদের ভয় দেখিয়ে ধর্ষণের মতো চরম মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সাবেক ডিবি কর্মকর্তা মনিরুলের তৈরি করা সেই কাল্পনিক ‘নব্য জেএমবি’ (দাওলাতুল ইসলাম)-র পুরোনো গোয়েন্দা বয়ানকে আবারও নতুন করে সামনে এনেছে পুলিশ। গত ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এই তথাকথিত সংগঠনটিকে নিষিদ্ধ করার সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম সতর্ক করে বলেছেন, নতুন বাংলাদেশে এক দশক আগের আওয়ামী আমলের পুরোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে কোনো প্রতিবেদন তৈরির ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করা উচিত। মনিরুলের বিরুদ্ধে উগ্রবাদী সংগঠন তৈরি ও পৃষ্ঠপোষকতার অভিযোগ বেশ পুরোনো। তাই পুরোনো তথ্যের পুনরাবৃত্তি না করে সাম্প্রতিক ঘটনাগুলোর স্বাধীন যাচাই, বিদেশি যোগাযোগের উৎস পরীক্ষা এবং আওয়ামী শাসনামলে কেন সংগঠনটি নিষিদ্ধ করা হয়নি তা স্পষ্ট করা জরুরি; অন্যথায় এটি রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতার সৃষ্টি করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh