হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এই সামরিক পদক্ষেপের তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, দেশটির বাহিনীর তৈরি একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োগ করে মার্কিন ড্রোনটি প্রথমে সফলভাবে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে ভূপাতিত করা হয়। ইরানি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী, এ নিয়ে তাদের হাতে ভূপাতিত হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে।
অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থা প্রসঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করেছেন, কেবল বর্তমান অচলাবস্থা কাটানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইরান। যেকোনো চুক্তিতে নতুন করে যেন যুদ্ধ শুরু না হয়, সেই বিষয়ে নিশ্চিত নিশ্চয়তা থাকতে হবে।
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯: ৩৫আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯: ৪৫





