পিএইচপি ফ্যামিলির নেতৃত্বে তৃতীয় প্রজন্মের অভিষেক

Published: November 17, 2026, 4:29 am

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত হচ্ছেন তৃতীয় প্রজন্মের সদস্যরা। এই ধারাবাহিকতায় শিল্পগোষ্ঠীটির প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনকে পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পিএইচপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পারিবারিক ব্যবসায় উত্তরসূরি তৈরি এবং নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ভিক্টর মহসিনের এই দায়িত্ব গ্রহণকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

ভিক্টর মহসিন যুক্তরাজ্যের লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান ও বিপণন বিষয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনা শেষ করে তিনি পিএইচপি ফ্যামিলিতে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সরাসরি যুক্ত থেকে তিনি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং পর্যায়ক্রমে দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমানে দুটি প্রতিষ্ঠানের ডিএমডির দায়িত্ব পেলেন।

ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিক্টর মহসিন ভোক্তার চাহিদাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি নিয়মিত দেশের বিভিন্ন শহর ও গ্রামের বাজার পরিদর্শনে যান। এসব পরিদর্শনে বিক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে বাজারের চাহিদা, পরিবর্তন এবং নতুন ব্যবসার সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নেন তিনি। এই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি ব্যবসার কার্যক্রম ও বাজার সম্প্রসারণের পরিকল্পনা সাজাচ্ছেন।

পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের দায়িত্বের পাশাপাশি ভিক্টর মহসিন পিপলস ইনস্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার। শিল্প ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া ও বিনোদন খাতেও তাঁর আগ্রহ রয়েছে এবং তিনি চট্টগ্রাম নগরে আধুনিক ক্রীড়া ও বিনোদন–সুবিধা সম্প্রসারণের উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন। পিএইচপি ফ্যামিলি বর্তমানে ইস্পাত, কাচ, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা খাতে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo